ডারউইন টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে টাইগাররা। তবে প্রতিপক্ষের জন্য যেন বারবার সহায় হয়ে দাঁড়াচ্ছে ভাগ্য। কখনো প্রযুক্তিগত ত্রুটি, আবার কখনো অল্পের জন্য উইকেট না পড়ায় রক্ষা পাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা।
শনিবার (১৫ আগস্ট) অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে শুরুতেই তিনটি উইকেট তুলে নিয়ে চাপ বাড়ায় বাংলাদেশ। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারত, যদি ভাগ্য সহায় না হতো ক্যামেরন গ্রিনের।
ইনিংসের ৩১তম ওভারে তাসকিন আহমেদের একটি ডেলিভারি গ্রিনের ব্যাটের কানায় লেগে স্টাম্প স্পর্শ করে। বলটি লেগ স্টাম্পে আঘাত করলেও বেলস ফেলে দেওয়ার মতো জোর ছিল না। ফলে নিশ্চিত বিপদ থেকেও রক্ষা পান অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বলটি সত্যিই স্টাম্পে স্পর্শ করেছিল। ঘটনাটি দেখে ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালিসা হিলি মজার ছলে মন্তব্য করেন, ট্র্যাভিস হেড কি বেলসগুলোতে আঠা লাগিয়ে গিয়েছিল?
এর আগেও প্রথম ইনিংসে ভাগ্যের সহায়তা পেয়েছিলেন স্টিভেন স্মিথ। ইবাদত হোসেনের একটি ডেলিভারি স্মিথের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা হলেও আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি। এরপর বাংলাদেশ রিভিউ নিলে আল্ট্রএজে কোনো স্পাইক দেখা যায়নি, ফলে সিদ্ধান্ত বদলানোর সুযোগও মেলেনি।
মজার বিষয় হলো, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্মিথ নিজেই স্বীকার করেন যে তিনি বল ব্যাটে লাগার অনুভূতি পেয়েছিলেন। ফলে প্রযুক্তিগত ত্রুটি এবং ভাগ্যের সহায়তায় অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের বেঁচে যাওয়ার ঘটনা এখন আলোচনার কেন্দ্রে।


