পটুয়াখালীর বাউফল উপজেলায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বাউফল সদর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২০ জন নারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন ঋণসুবিধা, সঞ্চয় কর্মসূচি এবং সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো. শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আজমল হোসেন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীর মাঝে সর্বমোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


