কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মেলার নামে ঠিকাদারদের কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ঠিকাদারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পর স্থানীয় পাবলিক মাঠে দু’দিন ব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। ওই মেলা আয়োজনের খরচের নামে এলজিইডি’র ঠিকাদারদের কাছে চাঁদা দাবী করছেন সংশ্লিষ্ট অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী।
নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার বলেন,বৃহস্পতিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) কার্যাদেশ আনতে গেলে অফিস সহকারি তার কাছে চাঁদা দাবী করেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন,এসব কথা সত্য নয়। স্বাধীনতা দিবস কিংবা মেলা উপলক্ষে ঠিকাদারদের কাছ থেকে কোন প্রকার টাকা পয়সা নেয়া হয়নি।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্বাধীনতা দিবস কিংবা মেলা উপলক্ষে এভাবে ঠিকাদারদের কাছ থেকে টাকা আদায় করার কোন নির্দেশনা নেই। এ ব্যাপারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


