কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে ঘরের সিঁদ কেটে জালাল হাওলাদার (৪২) নামের এক ফকিরের গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামে এ ঘটনা ঘটে ।
জানাগেছে, পূর্ব নওমালা গ্রামের মৃত ছালাম হাওলাদারের পুত্র জালাল হাওলাদার একজন হাতুরে ফকির। সে এলাকায় ঝাড় ফুক দিয়ে থাকে। রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়লে রাত প্রায় আড়াইটার দিকে ৩-৪ জনের একটি দুর্বৃত্ত দল টিন সেটের ঘরের সিঁদ কেটে প্রবেশ করে জালালের গলায় ছুড়ি চালিয়ে দেয়। এ সময় জালালের গোংরানিতে বাড়ির লোকজন উঠে গেলে দুর্বৃত্ত দলটি পালিয়ে যায় । পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে জরুরী বিভাগের ডাক্তার তাকে শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে বাউফল থানার ওসি বলেন, সে এলাকায় হাতুরে ফকির এবং ঝাড়ফুকের কাজ করত। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


