বাগযুদ্ধে নেমেছেন ট্রাম্প-পেনা

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত দেয়াল নিয়ে বাগযুদ্ধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা।

মঙ্গলবার ট্রাম্প অভিযোগ করেছেন, অবৈধ অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে মেক্সিকো কিছুই করছে না। তাই সীমান্ত দেয়ালের জন্য তাদেরকেই অর্থ দিতে হবে। আর মেক্সিকোর প্রেসিডেন্টের সাফ জবাব, দেয়াল নির্মাণের জন্য মেক্সিকো একটি পয়সাও দিবে না।

মঙ্গলবার টেনিসি অঙ্গরাজ্যে একটি র‌্যালিতে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীর প্রবেশ ঠেকাতে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে সীমান্ত প্রাচীর নির্মাণ শুরু করতে চাইছেন।

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মেক্সিকোতে দেয়ালের জন্য অর্থ দিতে হবে। হন্ডুরাস ও এসব দেশগুলো থেকে মেক্সিকো হয়ে যেসব লোক প্রবেশ করছে তাদের ঠেকাতে মেক্সিকো কিছুই করছে না। তারা আমাদের সাহায্য করতে কিছুই করছে না।’

এর এক ঘন্টা পরেই মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা টুইটারে ট্রাম্পের সমালোচনা করে লিখেছেন, ‘না, মেক্সিকো কখনোই দেয়ালের জন্য অর্থ দিবে না। এখনো না, কখনো না।’