আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জগেন চন্দ্র (৮৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে। নিহত জগেন চন্দ্র ওই গ্রামের মৃত-ভেতু চন্দ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে বড়বাড়ী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী। নিহত জগনের ছেলে দিগেন চন্দ্রের বরাতে চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী বলেন, ৮৫ বছর বয়সী বৃদ্ধ জগেন চন্দ্র দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতা এবং প্রচণ্ড শরীরের ব্যথায় ভুগছিলেন। তাকে পরিবারের লোকজন বিভিন্ন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করালেও বয়সের কারণে পুরোপুরি সুস্থ হয়নি।
বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে বাড়ীতে শুয়েছিল। গভীর রাতের কোন এক সময় সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে বাড়ীর পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়েছে। সকালে প্রতিবেশীরা ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে বিষয়টি আমি পুলিশকে জানাই।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। অভিযোগ না থাকায় বৃদ্ধের মরদেহের শেষকৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে।


