মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৬টি ছাগল সহ টিনশেডের চারটি বাড়ি পুড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে সিরাজ উদ্দিন নামে এক কৃষকের পরিবার।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় ঘণ্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের বিষয়ে কৃষক সিরাজ উদ্দিন জানান, ৫টি টিনসেট ঘর ৬টি ছাগল এবং অন্যান্য আসবাবপত্র সহ সর্বমোট ১০ লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হয়েছেন। আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছি আমরা।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শফিউল্লাহ জানান, অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে, আমরা নিয়ন্ত্রণ করে আশপাশের বাড়িগুলোকে রক্ষা করতে পেরেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী বাবু জানান, রাতে লোকচক্ষুর আড়ালে কে বা কাহারা কৃষক সিরাজ উদ্দিনের ঘরে আগুন দেয় এ আগুন দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে যায় সিরাজ উদ্দিনের পরিবার। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাসাধ্য সহায়তার কথা জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল রহমান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তার জন্য চাল, ডালসহ খাবার প্রদান করা হয়েছে। এবং পরবর্তীতে আরো সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।


