বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার গলায় অস্ত্র ঠেকিয়ে সংযোগ লাগিয়ে নেওয়ার অভিযোগ

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাত মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন। বিছিন্ন করা বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নিতে, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার গলায় ছুরি ঠেকিয়ে বাধ্য করার অভিযোগ গফ্ফার নামে এক গ্রাহকের বিরুদ্ধে।
গতকাল শনিবার (২৮ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে ওই গ্রাহকের বিদ্যুৎ লাইন বিছিন্ন করা হয়।
স্হানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের বালিয়াডাঙ্গী শাখার এজিএম কামরুল হাসান তার দলবল নিয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে সনগাঁও গ্রামের আব্দুল গফফারের  বাড়িতে যায়। জানা যায় সাত মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল আব্দুল গফফারের। পল্লী বিদ্যুৎ কর্মীরা জানান বিদ্যুৎ বিল দিতে অস্বীকৃতি জানালে ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা।
এসময় ওই গ্রাহক আব্দুল গফফার তার বাড়ির ভেতর থেকে ছুরি এনে, কামরুল হাসানের গলায় ঠেকিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নিতে বাধ্য করেন পল্লি বিদ্যুৎ কর্মীদের। এক পর্যায়ে পল্লীবিদ্যুতের লোকজনকে জিম্মি করে রাখেন গফ্ফার। পরে খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত আবদুল গফ্ফার বলেন, গতকালকে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়েছি রোববার বিল পরিশোধ করার কথা ছিল। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে সংযোগ লাগিয়ে নিতে ঝামেলায় পড়তে হবে সেই ভেবে আমরা পল্লী বিদ্যুতের লোকদের সঙ্গে না বুঝে খারাপ আচরণ করেছিলাম। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশের উপস্থিতিতে বিষয়টি সমাধান করেছি। তবে বর্তমানে আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পল্লী বিদ্যুতের বালিয়াডাঙ্গী শাখার এজিএম কামরুল হাসান বলেন, একজন গ্রাহক আমাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন। সাত মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ বিলের জন্য তার বাড়িতে গেলে, বিদ্যুৎ বিল দিতে অস্বীকৃতি জানালে আমরা সংযোগটি বিচ্ছিন্ন করি’। এ সময় ওই গ্রাহক তার পরিবারের লোকজন নিয়ে আমাদের হত্যার চেষ্টা চালিয়েছেন। উপায়ন্তর না পেয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসী ও অভিযুক্ত পরিবারটির অনুরোধে এখন পর্যন্ত কোন প্রকার মামলা দায়ের করিনি। তবে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি প্রাথমিকভাবে তারা সমাধান করে নিয়েছেন। পরবর্তীতে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।