বালিয়াডাঙ্গীতে ৬ মাসের মধ্য একই ঘরের একই ফাঁস লাগিয়ে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৬ মাসের মধ্য একই ঘরে একই ফ্যানের সাথে গলায় ওরনা পেঁচিয়ে ২ গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ৬ মাস আগে ঘরের যে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে মারা গেছেন ১ম স্ত্রী সুমি আক্তার (২০) । ছয় মাস পর আবারো সেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে  দ্বিতীয় স্ত্রী নাজনীন আক্তার (১৮) মারা যায়।
গতকাল রোববার (২২ মে) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের চড়তা বিশ্রামপুর গ্রামে এই ঘটনা ঘটে ‌। রোববার  বিকেলে নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় নাজনীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজনীন আক্তার (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের পশিরুল ইসলামের মেয়ে।
এঘটনার পর থেকে গৃহবধূ নাজনীনের স্বামী জুয়েল রানা নিখোঁজ রয়েছে।
নিহত গৃহবধূ নাজনীনের স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। নাজনীনকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই গৃহবধূর মা শাহিনা বেগম বলেন, বিয়ের পর থেকেই নাজনীনের স্বামী জুয়েল রানা ও তাঁর পরিবার যৌতুকের দাবিতে নাজনীনকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান শ্রী- দিলিপ কুমার চ্যাটার্জী বলেন, মামলার সিদ্ধান্ত নিয়েছে নাজনীনের পরিবার। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন মেয়েটির পরিবারের লোকজন।
৬ নং ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম, পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গৃহবধূর পরিবার  অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।