বাস ছাড়েনি পাঁচ জেলা থেকে

ডেস্ক রিপোর্ট: নিরাপত্তার অজুহাত দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অঘোষিত ধর্মঘট ডেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক ও মালিকরা। শুক্রবার অন্যান্য জেলার মতো কুমিল্লা, সিলেট,কুষ্টিয়া, টাঙ্গাইল ও রংপুর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

কুমিল্লা : শুক্রবার সকাল থেকে কুমিল্লা থেকে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটসহ জেলার ২০টি সড়ক ও মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলা পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম জানান, যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে কুমিল্লা থেকে কোন পরিবহন ছেড়ে যায়নি।

যাত্রীরা অভিযোগ করে জানান, পূর্ব ঘোষণা ছাড়াই মালিক-শ্রমিকরা যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

সিলেট: সিলেটে সকাল থেকে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দু’একটি সিএনজি অটোরিক্সা নগরীতে চলাচল করলেও শ্রমিকরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সেগুলো আটকে দিচ্ছেন। নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমারগাঁও বাসস্টেশন থেকেও বাস ছাড়েনি।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ছাত্রদের আন্দোলনের কারণে সড়কে নিরাপত্তা নেই। বাস ভাঙচুর করা হলে গাড়ি চালানো সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য পরিবহনগুলো বন্ধ রাখা হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া থেকে রাজধানীমুখী দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

ঢাকাগামী জেআর পরিবহনের কুষ্টিয়া কাউন্টার মাস্টার মিন্টু জানান, সকাল থেকেই কুষ্টিয়া থেকে কোন গাড়ি ঢাকার উদ্যোশ্যে ছেড়ে যায়নি। সারা দেশে শিক্ষার্থীদের যে আন্দোলনের চলছে চালকরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে গাড়ি চালাচ্ছে না।

তিনি আরো জানান, দিনে গাড়ি না চললেও রাতে যদি কোনো সুযোগ সৃষ্টি হয় তবে গাড়ি চলবে।

কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-চুয়াডাঙ্গা, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-ঝিনাইদহ, কুষ্টিয়া-পাবনা সড়কে জেলা ও আন্তঃজেলা বাস ও মিনিবাস চলাচল করলেও বেলা সাড়ে ১২টা থেকে বন্ধ করে দিয়েছে চালকরা।

রংপুর: নগরীর কামারপাড়া ঢাকা বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুড়িগ্রাম ও সাতমাথা বাস স্টান্ড ঘুরে দেখা গেছে,আন্তঃজেলাসহ দূরপাল্লার সকল বাসচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদ পিন্টু জানান , বাস বন্ধের ব্যাপারে আমাদের সমিতির সঙ্গে কেউ কথা বলেনি। তবে আমরাধারণা করছি, নিরাপত্তাজনিত কারণেই হয়তো চালকরা বাস চালাচ্ছেন না।

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আমিও জানিনা কাদের নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঢাকা-রংপুর চলাচলকারি এস অর পরিবহনের চালক খাদেমুল বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে রংপুর আসার পথে বগুড়ায় বাসে আগুন দেওয়ারও চেষ্টা করেছিল। অনুরোধ করে রক্ষা পেয়েছি। পথে নিরাপত্তা নাই। যে কারণে বাস চালাচ্ছি না।

নগরীর কামারপাড়া ঢাকাগামী বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা তাজমিলুর রহমান বলেন, চাকরির ইন্টারভিউ দিতে সকাল ৯টার বাসে ঢাকা যাব বলে বৃহস্পতিবার টিকেট করেছি। স্ট্যান্ডে এসে জানতে পারলাম বাস চলছে না। বন্ধ রাখার কারণও কেউ স্পষ্ট করে বলছে না। ফলে চাকরির পরীক্ষা দেওয়া আর হচ্ছে না।

টাঙ্গাইল : টাঙ্গাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন ধর্মঘট করেছেন মালিক ও শ্রমিকেরা।

শুক্রবার সকাল থেকে জেলা শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে টাঙ্গাইল থেকে ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে জেলার আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে প্রতিটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রীরা। তাদের পায়ে হেঁটে ও তিন চাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে।

তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সরেজমিন টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টার্মিনালের মালিক-শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে টাঙ্গাইলের সঙ্গে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মহিলা, শিশু ও বৃদ্ধরা।

জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি সুত্রে জানান যায়, মালিক সমিতিতে হাজারের বেশি গাড়ি রয়েছে। তবে প্রতিদিন গড়ে ৭-৮শ’ গাড়ি জেলা থেকে রাজধানী ঢাকাসহ জেলার বিভিন্ন সড়কে চলাচল করে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, সকাল থেকেই নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে পুরো জেলায় সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। এই ধর্মঘট শুরু আজকের জন্য। তবে সন্ধ্যার দিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একমত। কিন্তু সাধারণ ছাত্রদের সঙ্গে কতিপয় মানুষ যুক্ত হয়ে এটিকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য নানাভাবে চেষ্টা করছে।’’

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব বলেন, সড়ক, মহাসড়কে মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নেই। ঢাকায় আন্দোলনকারীরা ইচ্ছেমতো পরিবহন ভাংচুর ও তাতে আগুন দিচ্ছে। এর প্রতিবাদে ফেডারেশনের নির্দেশে সকাল থেকে সবধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে।