বায়েজিদ সংযোগ সড়ক: ৩ মাসের জন্য বন্ধ করা হলেও খুলে দেয়া হয় ৭ দিন পর

রাজিব শর্মা, চট্টগ্রাম: পাহাড় ধসের ঝুঁকির কারনে বর্ষা মৌসুমের ৩ মাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল চট্টগ্রামের ফৌজদার হাট – বায়েজিদ সড়ক। কিন্তু বন্ধ ঘোষণার এক সপ্তাহ না যেতেই খুলে দেয়া হয়েছে চট্টগ্রাম শহরের সাথে সীতাকুণ্ডের এই ঝুঁকিপূর্ণ সংযোগ সড়কটি।

নগরীর যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ কমাতে আজ মঙ্গলবার থেকে ফের সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, একটানা বৃষ্টিতে সড়কটির আশপাশের একাধিক পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারনে গত ৮ জুন থেকে তিন মাসের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

এই বিষয়ে সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, মূলত পাহাড়ধসের শঙ্কা ও নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে সড়কটিতে যান চলাচল বন্ধ করা হয়েছিল। কিন্তু এতে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট ও খুলশী এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ফলে বিভিন্ন মহলের সুপারিশের কারনে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরো বলেন, এই সড়ক খুলে দেয়া হলেও এর দু’পাশের দোকানপাট ঠিকই বন্ধ থাকবে। সব ধরনের জনসমাগম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এছাড়া সড়কটির মাঝখানে কিছু ঝুঁকিপূর্ণ স্থানে কাজ চলছে। তাই ওই অংশের দুটি লেন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিডিএ সূত্র জানায়, ঢাকা – চট্টগ্রামের এই মহাসড়কের ফৌজদারহাট বাইপাস এলাকা থেকে নগরের বায়েজিদ বোস্তামী পর্যন্ত সিডিএ’র নির্মিত এ প্রকল্পের আওতায় একটি রেলওয়ে ওভারব্রিজ, ছয়টি ব্রিজ ও বেশ কয়েকটি কালভার্ট রয়েছে। এই প্রকল্পের ৬ কিলোমিটার রাস্তা নির্মাণে কাটা হয় ১৬টি পাহাড়। পরিবেশ অধিদফতর থেকে আড়াই লাখ ঘনফুট পাহাড় কাটার অনুমোদন নেয়া হলেও ১০ লাখ ৩০ হাজার ঘনফুট পাহাড় কেটে দশ কোটি টাকা জরিমানা গুনতে হয় সিডিএকে। এরপরও ঝুঁকিপূর্ণ খাড়া পাহাড়গুলো নতুন করে কাটার জন্য গত বছরের ২৩ মার্চ পরিবেশ অধিদফতরে তিন লাখ ৩২ হাজার ঘনমিটার পাহাড় কাটার অনুমতি চেয়ে আবেদন জানায় সিডিএ।

এই চিঠি পেয়ে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো কাটা ও সংরক্ষণের বিষয়ে সিডিএ’র কাছে বিশেষজ্ঞ মতামতসহ প্রতিবেদন চায় পরিবেশ অধিদফতর। এরপর সিডিএ’র প্রধান প্রকৌশলীর নেতৃত্বে প্রকল্পটির পরিচালক ও চুয়েটের দুই শিক্ষকের সমন্বয়ে গঠন করা হয় চার সদস্যের কমিটি। প্রতিবেদনটি দ্রুত সময়ের মধ্যে জমা দেয়া হবে বলে জানিয়েছে সিডিএ সূত্র।