বিএনপির ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে বসে যে দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত দেশপ্রেমিক প্রবাসী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে, যুক্তরাজ্য আওয়ামী লীগও নানামুখী পদক্ষেপ নেবে।

রোববার সকালে লন্ডনে স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

সম্প্রচারমন্ত্রী বলেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশ ঘুরে দেখেছি, এই মুহূর্তেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলেও আমাদের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। আমরা দলকে যেভাবে সংগঠিত করতে পেরেছি, বিএনপি তা পারেনি। কারণ দেশ থেকে নয়, তারেক রহমানের নির্দেশনায় লন্ডন থেকে তারা পরিচালিত হন। বিএনপি নেতারা লন্ডনে আসেন, তারেক রহমানের নির্দেশনা নিয়ে চলে যান।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপির আশা নেই এবং যে আন্তর্জাতিক চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও ইতিমধ্যে অনুধাবন করেছে, বিএনপিকে দিয়ে হবে না। সে কারণে বিএনপি ও সেই চক্র নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টায় লিপ্ত। এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তথ্যমন্ত্রী তার বক্তৃতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, ইউরোপে যুক্তরাজ্য আওয়ামী লীগ ঐক্য ও শৃঙ্খলার অনন্য উদাহরণ এবং লন্ডন শহর আওয়ামী লীগের অনেক আন্দোলন ও সংগ্রামের সাক্ষী।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি এমএ রহিম সিআইপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশূক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক আশুক আহমেদ আশুক, জনসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক তারিফ আহমদ, বাণিজ্যবিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, সহ-দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবলীগ নেতা আনোয়র ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত জয়, ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু প্রমুখ সভায় যোগ দেন।

ইসলামী দলগুলোকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান তথ্যমন্ত্রীর : এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত ‘মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামি দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী হাছান বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। ২০০৮ সালের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের যে ইসলামি দলগুলো আমাদের সঙ্গে ছিল, তাদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাতে করে ষড়যন্ত্র মোকাবিলা ও আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার পথ আরও সুগম হবে।’ আগামী নির্বাচন নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ভারত, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর মতো নির্বাচনে ইভিএম পদ্ধতি প্রস্তাব করেছিল। কিন্তু বিএনপিসহ অন্য বেশ কিছু দল ইভিএমে আপত্তি জানিয়েছিল। দেখা যাচ্ছে নির্বাচন কমিশন সব আসনে ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এটি অনেকটা বিরোধী দলের দাবি মেনে নেওয়ার মতোই।’

ইসলামী ঐক্যজোটের মহাসচিব শায়খুল হাদীস মনিরুজ্জামান রাব্বানীর সঞ্চালনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা রুহুল আমিন খান উজানভি, চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফী, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়াল, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ সুপ্রিম পার্টির সাংগঠনিক সচিব আবুল কালাম আজাদ, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল সভায় উপস্থিত ছিলেন।