রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে এ চুরির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশনের সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে এ ট্রান্সফরমারটি চুরি হয় বলে সংশ্লিষ্টরা জানান।
১০০ কিলোভোল্ট ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটিতে অন্তত ২০০ কেজি তামার তার ছিল। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা দেখেন বিদ্যুৎ নেই। তারা আশপাশে খোঁজ নিয়ে দেখেন সব জায়গায় বিদ্যুৎ আছে। পরে দেখা যায় তাদের নিকটস্থ খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে আছে। চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।
স্থানীয় চা ও পান-সিগারেট দোকানদার নজরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই এবং দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটিও নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়।
গোয়ালন্দ ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরের কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশ্ববর্তী ট্রান্সফরমার হতে এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে তারা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


