নাটোরের সিংড়ায় আয়েশা বেগম নামে বিধবা নারীর এক বিঘা জমির ধান কেটে দিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের জমিতে ধান কাটেন দলটির প্রায় ৪০ নেতাকর্মী।
উপজেলার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের বাসিন্দা আয়েশা বেগম। দুই বছর আগে অসুস্থ হয়ে তার স্বামী রওশন আলী মারা যান। অভাবের সংসার আর দুই ছেলে-মেয়ের লেখাপড়া চালিয়ে যেতে নিজেই সংসারের হাল ধরেন। চলতি বছর নিজের এক বিঘা জমির সঙ্গে অন্যের কাছ থেকে বর্গা নিয়ে আরও এক বিঘা জমিতে বোরো ধান চাষ করেন।
বৈরী আবহাওয়ায় অল্প জমির ধান কেউ কেটে দিচ্ছিলেন না। খবর পেয়ে রোববার সকাল ৭টায় ৪০ জন বিএনপির নেতাকর্মী নিয়ে হাজির হন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। মুহূর্তেই এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আয়েশা বেগম জানান, অন্যের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে এ জমি চাষাবাদ করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টির কারণে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। আশপাশের সব জমির ধান কাটা হলেও একমাত্র তার জমির ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এখন ভালোভাবে ধান ঘরে তুলতে পারায় তিনি আনন্দিত।
শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, চলতি বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চলনবিলের কৃষকের মাঝে ধান কাটার কোনো উৎসব ছিল না। স্থানীয় এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নির্দেশে একমাস ধরে এ বিলের কৃষকের পাশে রয়েছি। আত্রাই নদীর জোরমল্লিকা বাঁধ নির্মাণে কৃষকদের সহযোগিতা করা হয়েছে।
শেরকোল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সিহাব উদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করি। বিএনপি নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে এ ইউনিয়নের সমাজসেবামূলক কাজের জন্য একটি টিম করা হয়েছে।


