বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে তা গঠনমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার (৯ মে) হতে যাওয়া বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম শুক্রবার (৮ মে) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ দুই নেতা অংশ নেবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী জানান, এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তারা সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।

রিজভী বলেন, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন- অনেক ভালো কর্মসূচি রয়েছে।

সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে- শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিকের। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত। বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়।

তিনি বলেন, যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নেয় এবং মিথ্যা কথা বলে যায়, তাহলে সেটা ষড়যন্ত্র। শেখ হাসিনা ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরেও অনেক মিথ্যা কথা বলেছেন। যদি সেই ধরনের রাজনীতি হয়, তাহলে সেটা ষড়যন্ত্রের মধ্যেই পড়ে।

রিজভী বলেন, বিরোধী দল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে। জনগণ যদি মনে করে বিরোধীদলের কথা ইতিবাচক, তাহলে জনগণই সেটার মূল্যায়ন করবে। জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। সামনের নির্বাচনে জনগণই বিবেচনা করবে সরকার সঠিক কাজ করেছে কিনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।