পাবনার বেড়া প্রেসক্লাবের নির্বাচিত কমিটির দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় আগামী ৯০ দিনের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ‘বাংলা খবর প্রতিদিন’-এর প্রতিনিধি মো. শামসুল ইসলাম চৌধুরী (সজীব) আহ্বায়ক এবং ‘দৈনিক আজ বেলা’-এর প্রতিনিধি আবুজর গিফারী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
গত ৭ জুন বেড়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি ডা. আব্দুল হান্নান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মহসিন মল্লিক।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সরকার আরিফ ইফতেখার নয়ন এবং কোষাধ্যক্ষ মো. রিফাতুল ইসলাম রিফাত।
এছাড়া ক্লাবের সার্বিক দিকনির্দেশনা ও কার্যক্রমকে গতিশীল রাখতে চার সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন মো. সালাউদ্দিন ইকবাল, বসন্ত দাস, মো. হাফিজুর রহমান এবং মো. মিলন হোসেন মিন্টু।
নবগঠিত কমিটির নেতারা জানান, আগামী ৯০ দিনের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করাই তাদের প্রধান লক্ষ্য। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্লাবের সফলতা কামনা করেন।


