বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৩ জন। মঙ্গলবার প্রাদেশিক রাজধানী কোয়েটায় এ হামলার ঘটনা ঘটেছে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরির পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে এই হামলার ঘটনা ঘটলো। তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি। কোনো গোষ্ঠী অবশ্য এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল রাজ্জাক চিমা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাদেশিক অ্যাসেম্বলি ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো যে এলাকাতে অবস্থিত সেখানে থাকা পুলিশের একটি ট্রাক লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে এক আত্মঘাতী বোমা হামলাকারী ট্রাকটির কাছে যেয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

নিহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিক রয়েছে।

সিভিল হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াসিম বেইগ জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রসঙ্গতত, গত মাসে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি গির্জায় দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছিল। ওই ঘটনায় নয়জন নিহত ও ৫৬ জন আহত হয়। সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছিল।