বোরহানউদ্দিনে গাছে গাছে পিডিবি’র তার ঝুলিয়ে বিদ্যুৎ সংযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিনে জীবন্ত ছোট বড় গাছে গাছে তার ঝুলিয়ে অসংখ্য পিডিবি’র লাইন সংযোগ দেওয়া হয়েছে। এসকল সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বোরহানউদ্দিন উপজেলা সহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলম এর বিরুদ্ধে। আর এতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন সচেতন মহল।

সরজমিনে দেখা গেছে, বোরহানউদ্দিন পৌর ৪নং ওয়ার্ডের সুতার বাড়ী থেকে উত্তরে ফারুক ডুবাই বাড়ী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির জীবন্ত গাছে গাছে, এমনকি বাঁশের উপর দিয়ে পিডিবি’র তার ঝুলিয়ে ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া পৌর ৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বাসা থেকে বিলের বাড়ী পর্যন্ত গাছে গাছে বিদ্যুৎ সংযোগের তার দেখা যাচ্ছে। এ চিত্র দেখলে যে কারো গা শিউরিয়ে যাওয়া কথা। কিন্তু এতে মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ঝুকিপূর্ণ সংযোগ গুলোতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। আর এ বিদ্যুৎ সংযোগ নিতে অফিস কেও দিতে হয়েছে অতিরিক্ত টাকা। এসকল সংযোগের বেশি ভাগই দেওয়ার অভিযোগ উঠছে বোরহানউদ্দিন উপজেলা সহকারী প্রকৌশলী মনজুর আলম এর বিরুদ্ধে।

এব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী মনজুর আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এ সংযোগ গুলো পূর্বের প্রকৌশলীরা দিয়েছে। নাম প্রকাশে একাধিক গ্রাহক জানান, মনজুর আলম ২০১৫ সালে এ উপজেলায় যোগদান করেই এ সংযোগগুলো দিয়েছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: রায়হান জানান, এ ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে এ সংযোগ গুলো খুবই ঝুকিপূর্ণ অবস্থা দেখতে পান। তবে সংযোগ গুলো আমি দেই নি।