ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) ঠেকাতে সরকার চার দফায় ৩১দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে জনগণকে ঘর থেকে বের না হতে দেওয়া হয়েছে নির্দেশনা। প্রথমদিকে এ নির্দেশনা নগরবাসী না মানলেও সরকার গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে কড়াকড়ি আরোপ করায় যানবাহন শূন্য ও ফাঁকা দেখা যাচ্ছে রাজধানীর সড়কগুলো।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর মিরপুরের পল্লবী, রোকেয়া সরণি, বিজয় সরণি, ফার্মগেট, মৎস্য ভবন, মতিঝিলের শাপলা চত্বর ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এসব এলাকা ঘুরে দেখা যায়, ছুটির দিন যত গড়াচ্ছে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে লোকজনের সমাগম কমছে। অচেনা শহরে পরিণত হয়েছে ব্যস্ততম ঢাকা। জীবনের তাগিদে অনেকে বের হলেও করোনা আতঙ্কের মধ্য রয়েছেন সবাই। সড়কে যারা বের হয়েছেন তাদের মাস্ক, গ্লাভস ও হাতে স্যানিটাইজারও দেখা গেছে।
মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইদুর রহমান বলেন, অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছি না। সবকিছুর আগে নিজেকে নিরাপদ রাখতে হবে। তারপর সবকিছু। এ কদিন বাসা থেকে বের হইনি। আজ বের হয়েছি ব্যাংকে যাবো কিছু টাকা তুলতে। টাকা তুলে কিছু বাজার করে আবারো বাসায় ঢুকে পড়বো। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি আমাদের নিরাপত্তার জন্যই। তাই সবারই উচিত ঘরে থাকা।
এদিকে প্রধান সড়কগুলোর ফুটপাতের পাশের দোকানপাট রয়েছে বন্ধ। অলি-গলির ভেতরে চায়ের দোকান, মুদি দোকান সকাল থেকে খোলা থাকলে দুপুর ২টার পর সব বন্ধ দেখা গেছে।
অন্যদিকে, জনসমাগম ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আজও দেখা গেছে পুলিশের চেকপোস্ট। জনগণকে বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করছেন তারা।
তবে প্রতিনিয়ত আমাদের দেশেও করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। এই অবস্থায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকতে হবে নগরবাসীকে। সচেতনতাই পারে এই মহামারি থেকে আমাদের রক্ষা করতে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৪। নতুন করে এসময়ের মধ্যে শনাক্ত করা হয়েছে ১৩৯ রোগী। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৬২১। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।


