মোঃ সালাউদ্দিন অনুসন্ধানী সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে আন্তঃনগর নতুন এক্সপ্রেস ট্রেন, কালোনী ও বিজয় ট্রেনের যাত্রাবিরতীসহ ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী।
আজ শনিবার সকালে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করলে বিক্ষোভ কারীরা প্রায় বিশ মিনিটের জন্য ট্রেনটি আটক করে রাখেন।
পরে রেলওয়ে কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন আটকের বিষয়টি জানালে বিক্ষোভকারীদের প্রস্তাব গ্রহণ করার আশ্বাস দেয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অবস্থান কর্মসূচীতে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, কমরেড নজরুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমান রাজস্ব আয় হলেও স্টেশনটিতে পর্যাপ্ত যাত্রী সুবিধা নেই।
এ সময় তারা স্টেশনটিকে A ক্যাটাগরিতে উন্নীত করার পাশাপাশি অবিলম্বে দাবী আদায় না হলে কঠোর কর্মসূচী পালন করবে বলে জানান।


