ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উবায়দুল হক লিটন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহবাজপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, সকালে একটি মিনিট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাহবাজপুর এলাকায় গাড়িটি অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চারজন গুরুতর আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।


