ব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ছাত্রদল নেতা রাকিব

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কা লেগে ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান রকি নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডটি হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা দেয়। এতে প্রথমে তিনজন নিখোঁজ হন। পরবর্তীতে দুজনকে উদ্ধার করা হলেও রাকিব নিখোঁজ।

নৌকা ভ্রমণে আসা যাত্রীদের কাছ থেকে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকায় মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন।

মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রাকিব, লিটন ও ওহাব পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রাকিব নিখোঁজ রয়েছেন।

এ সময় পদ্মা নদীর বাহিরকচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাকি ভ্রমণকারীরা অবস্থান নেন। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে।

রাকিবের বন্ধু আনিসুজ্জামান বলেন, সে যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি-সামর্থ্যবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে, আশা করছি ফিরে আসবে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, রাকিবকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশকিছু ইউনিট কাজ করছে। বিষয়টি আমরা নজর রাখছি।

ঘটনাস্থলে উপস্থিত ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিরুল আরাফাত বলেন, ইতোমধ্যে নিখোঁজ দুজন লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। রাত্রি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হচ্ছে। রাকিবকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইউনিট। আমরা প্রশাসনের সব ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছি।