ভারতের দিল্লির মুখ্যমন্ত্রীর চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার হয়েছে।

নীল রঙের ‘ওয়াগন আর’ মডেলের গাড়িটি দিল্লির সচিবালয়ের বাইরে থেকে চুরি হয়। শুক্রবার গাজিয়াবাদের মহাননগর থেকে এটি উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশ বলেছে, ‘গাজিয়াবাদের মহাননগরে একই রঙের ও মডেলের একটি গাড়ি পাওয়া গেছে। আমরা এর ইঞ্জিন ও চ্যাসিস নম্বর খতিয়ে দেখছি।’

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়ালের নীলরঙা ‘ওয়াগন আর’ গাড়ি বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ দিল্লি সচিবালয়ের বাইরে থেকে চুরি হয়। কেজরিওয়ালের ইমেজের সঙ্গে মিশে আছে গাড়িটি। বর্তমানে এটি এএপির মিডিয়া উইংয়ের লোকজন ব্যবহার করে থাকে।

রাজনৈতিক জীবনের শুরুতে ওয়াগন আর নিয়ে দিল্লি চষে বেড়িয়েছেন কেজরিওয়াল। ‘আম আদমি’ অর্থাৎ সাধারণ জনতা হিসেবে তার ভাবমূর্তি প্রতিষ্ঠায় গাড়িটির ভূমিকা রয়েছে।

এএপির সমর্থক কুন্দন শর্মা কেজরিওয়ালকে গাড়িটি উপহার দিয়েছিলেন। ২০১৫ সালে তিনি গাড়িটি ফেরত চাইলে তখন গণমাধ্যমের শিরোনাম হয় এটি। প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদব নামে এএপির দুই বহিরাগত নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই গাড়ি ফেরত চেয়েছিলেন তিনি।

২০১৩ ও ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালকে এই গাড়ি ব্যবহার করতে দেখা যায়। গাড়িতে বসা অবস্থায় তোলা কেজরিওয়ালের অনেক ছবি তার ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। শেষমেষ গাড়িটি চুরি হলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।