ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:  প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর অমানবিক হামলা ও নির্যাতনের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্টেশন রোড এলাকায় গতকাল শুক্রবার বাদ জুমা স্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে ও সচেতন মুসলিম যুব সমাজের আহবানে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

মিছিলটি টঙ্গী বাজার বড় মসজিদ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে স্টেশন রোডে মহাসড়কে অবস্থান নিয়ে ও অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রতিবাদ সমাবেশে ওলামায়ে কেরামগণ বলেন, দিল্লির মুসলিমদের হত্যা করা হচ্ছে, মসজিদ ভাংচুর ও পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব নির্মম হত্যাকান্ড কোন ভাবেই বরদাশত করা যায় না।

তারা আরো বলেন, অবিলম্বে দিল্লির মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে মুসলিম নির্যাতন হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এ সময় বক্তারা নরেন্দ্র মোদী সরকারের এমন হীন নির্যাতন ও হত্যাকান্ডের প্রতিবাদসহ নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।