ভারত থেকে ৭ম চালানে এলো আরও ১৮৬ টন অক্সিজেন

জেলা প্রতিনিধিঃ ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে দেশে এল আরও ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে সপ্তম চালান এটি। বুধবার (১১ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

তিনি জানান, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের চার চালানে ৮০২ টন ২৯০ কেজি মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ৪০২ টন ২৯০ কেজি তরল মেডিকেল অক্সিজেন দেশে আসায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে সকালে ছেড়ে এসে রাত ৮টার দিকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে রাতেই ছেড়ে যাবে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে বলে জানান সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন।

বেনাপোল কাস্টমস হাউজের উপকমিশনার মোস্তাফিজুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগঞ্জে খালাসের উদ্দেশে রওনা হবে।