ভাড়ার মোটর সাইকেল চালককে গুলি করে হত্যা, আহত-২

এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটের ফকিরহাটে হাসান শেখ (৩৫) নামে ভাড়ার এক মোটর সাইকেল চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও দুজন আহত হয়েছেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটে ফকিরহাট উপজেলার যুগীডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ গুলিবিদ্ধ হাসানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কেন কি কারনে দুর্বৃত্তরা এদের উপর হামলা চালালো তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হাসান খুলনার রুপসা উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীরের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রাতে এই প্রতিবেদককে বলেন, শুক্রবার বিকেলে খুলনা শহরের কালিবাড়ি এলাকার খৈ ভুষির ব্যবসা প্রতিষ্ঠান এম দেওয়ান স্টোরের ম্যানেজার প্রদীপ সাহা তার অপর সঙ্গী রফিককে নিয়ে একটি ভাড়ার মোটর সাইকেলে করে বাগেরহাটের রামপাল ও সদর উপজেলায় ব্যবসায়িক পাওনা টাকা নিতে আসেন। সেখান থেকে খুলনায় ফেরার পথে শুক্রবার রাত পৌনে নয়টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার যুগীডাঙ্গা এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত মোটর সাইকেলের তিন আরোহীর উপর অতর্কিত গুলি চালায়। এতে মোটর সাইকেল চালক হাসান ঘটনাস্থলে নিহত হন এবং অন্য দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।