ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন বোয়ালখালীর কৃষকরা

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীতে স্বল্প খরচে ভুট্টা চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ৪০ জন কৃষক নিজেদের জমিতে ভুট্টা চাষ করে এখন ভালো ফলনের আশা করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৫ হেক্টর জমিতে এবার রবি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৪০ জন ভুট্টাচাষিকে সরকারি প্রণোদনা ও সহযোগিতা দেওয়া হয়েছে। কধুরখীল, আমুচিয়া, শ্রীপুর-খরণদ্বীপ, শাকপুরা, কড়লডেঙ্গা ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ভুট্টা চাষ  করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান জানান, চাষাবাদে খরচ কম হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে।
আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাহবুব আলম চার একর জমিতে ভুট্টা চাষ করেছেন। তার খরচ হয়েছে এক লাখ ১৫ হাজার টাকা। তিনি জানান, ইতোমধ্যে গাছে ঝুলছে ভুট্টার মোচা। আশানুরূপ ফলন হলে তিনি লাভবান হওয়ার আশা করছেন।
রবি মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জমিতে ভুট্টার বীজ বপন করা হয় বলে জানান কড়লডেঙ্গা এলাকার কৃষক সাবের উদ্দিন। ৪-৫ মাসের মধ্যেই ঘরে চলে আসে ভুট্টা। এক বিঘা জমিতে ভুট্টার চাষ করতে প্রায় দুই হাজার টাকার বীজ লাগে। জমি চাষ, সেচ ও সার-কীটনাশক বাবদ খরচ হয় আরও ৬-৭ হাজার টাকা। খেতের আগাছা পরিষ্কার, জমি তৈরি করা, সার-ওষুধ দেওয়া, ভুট্টা কাটা, বাড়িতে নিয়ে আসা, মাড়াই ও বিক্রি উপযোগী করার শ্রমিক বাবদ খরচ করতে হয় ৩-৪ হাজার টাকা। সব মিলিয়ে এক বিঘা জমিতে ভুট্টার চাষে খরচ প্রায় ১২ হাজার টাকা। সেই জমিতে ভুট্টা পাওয়া যায় ৩০ থেকে ৩৫ মণ। গত বছর ভুট্টা বিক্রি হয়েছে প্রতি মণ ৬০০ টাকা দরে। সেই হিসাবে এক বিঘা জমিতে ফসল পাওয়া যাবে ২০-২১ হাজার টাকার।