ভূরুঙ্গামারীতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা; বাদীকে প্রাণনাশের হুমকী

মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে ঃ ভূরুঙ্গামারীতে জমি বদল না দেয়ায় বড় ভাইয়ের ছেলে তার চাচা বাবলু (৪৮) কে রাস্তা থেকে ধরে নিয়ে গাছের সাথে বেধে অমানবিক নির্যাতন করে সঙ্গে থাকা ৮০ হাজার টাকা কেড়ে নিয়েছে বলে বাবলুর মা জহিরন বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪৯(৩)/১ তারিখ ২৫ জানুয়ারী। পুলিশ প্রধান আসামী সাইফুর রহমান (২৭) কে ধরে জেল হাজতে পাঠালেও বাকী ৩ জন আসামী গোপনে পালিয়ে থেকে বাদীনি ও বাবুলকে হত্যার হুমকী দিচ্ছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার পাথরডুবি গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা সাখওয়াত হোসেনের বড় ছেলে জসিম উদ্দিন (৫০) এবং তার ছোট ভাই বাবলু (৪৮) পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু জসিম উদ্দিন তার সুবিধার্থে অনেকদিন আগে থেকেই বাবলুর এক শতাংশ জমি জোর পূর্বক ভোগ দখল করে আসছেন। তদুপরী তার সুবিধার্থে আরও এক শতাংশ জমি চাওয়ায় দু’ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ মনোমালিন্য চলছিল। এদিকে গত ২৩ জানুয়ারী বিকালে ইট ও সিমেন্ট কেনার জন্য নগদ ৮০ হাজার টাকা নিয়ে বাবুল দোকানে যাবার পথে তার বড় ভাই জসিম উদ্দিনের পুত্র সাইফুর রহমান কৌশলে বাবুলকে ডেকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে রশি দিয়ে গাছের সাথে বেধে জসিম উদ্দিনের নির্দেশে সাইফুর, সাবিয়া বেগম ও স্বপ্না বেগম মিলে বেধরক মারপিট করে ও সঙ্গে থাকা টাকা কেড়ে নেয়। বাদী-বিবাদীর মা জহিরন বেওয়ার চিৎকার শুনে পরশীদের সহযোগিতায় বাবুলকে উদ্ধার করে এবং বড় ছেলে-নাতী ও সংশ্লিষ্ট জসিম উদ্দিনের স্ত্রী সাবিয়া বেগম (৪৮) এবং স্বপ্না বেগম (২৩) নামক এক মহিলার নামে থানায় এজাহার করলে পেনাল কোড ৩২৩/৩০৭/৩৪১/৩৭৯/৫০৬/১১৪ ধারায় এজাহার গ্রহণ করে থানা পুলিশ প্রধান আসামীকে ধরে জেল হাজতে পাঠায়। বাকীরা এখন পর্যন্ত পালিয়ে রয়েছে। কিন্তু মামলা তুলে না নিলে বাদীকে প্রাণনাশের হুমকী দিচ্ছে। থানা সূত্রে জানা গেছে বাকী আসামী ধরতে জোড় তৎপরতা চলছে।