ভৈরবে বিএনপির ২শ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন যুবলীগ নেতা

ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিনকে প্রধান আসামি করে বিএনপির ২শ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন।

মঙ্গলবার রাতের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে ২ নম্বর আসামি ও ৯৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে শুক্রবার সকালে মামলাটি করা হয়।

মামলার বাদী ইমন অভিযোগে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের চন্ডিবের এলাকায় বিএনপির কর্মীরা আতর্কিত হামলা চালিয়ে ৭-৮ জন যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে গুরুতর আহত করে। ঘটনার সময় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের একটি কর্মসূচিতে যাচ্ছিল।

এর আগে একই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে গত বুধবার বিএনপির ৪শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিএনপির একটি কর্মীসভায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে আহত করল, বিএনপি অফিস ভাঙচুর করল, একটি রেস্তোরাঁ ভেঙে ক্ষতিগ্রস্ত করল কিন্তু আমরা মামলা করতে পারিনি। উল্টো পুলিশ ও ইমন আমাদের ৬শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।