ভোটার টানতে অফিস চলবে আধাবেলা: সিইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনের দিনে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হতো। কিন্তু এবারের নির্বাচনে ভোটার টানতে আধাবেলা অফিস খোলা রাখা এবং সীমিত আকারে যান চলাচল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা চারদিন ছুটি থাকছে। এতে ভোটাররা বিভিন্ন স্থানে চলে যেতে পারে। তাই নির্বাচনের দিন অর্ধদিবস অফিস খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভোটারদের কেন্দ্রে আসার স্বার্থে যান চলাচলও করবে সীমিত আকারে।
পোলিং এজেন্টদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার বিষয়ে সিইসি বলেন, এজেন্টদের পথে বাধা দেওয়ার বিষয়টি এজেন্টদেরই বলতে হবে। তা না হলে বিষয়টি আইনশৃংখলা বাহিনীর লোকজন বুঝবেন কিভাবে? পরে যদি বলে আমরা যেতে চেয়েছিলাম, কেন্দ্রে আমাদের যেতে দেওয়া হয়নি। কখন, কাকে, কে বাধা দিয়েছে এই বিষয়গুলো নির্বাচনের দিনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার- রিটার্নিং অফিসারদের জানাতে হবে।
তিনি বলেন, প্রিজাইডিং অফিসারকে না জানিয়ে যদি কোনো এজেন্ট চলে যান, সেটা প্রিজাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে দেখার কোনো সুযোগ থাকে না। এজেন্টরা যাতে কেন্দ্রে যান সেটার নিশ্চয়তা প্রার্থী দিবেন। আর পথে যদি বাধা দিতে চায়, সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানান।