ভোলা প্রতিনিধি: ভোলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসাইনের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে টন প্রতি দুই হাজার টাকা করে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে গেলে তিনি নিজেকে একজন মাস্তান বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ সরকার আমাকে এখানে একজন মাস্তান বসিয়েছেন’ আপনারা যা পারেন লেখেন।
লিখিত অভিযোগে কৃষকেরা জানান, জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসাইন কতৃক কৃষক থেকে ধান ক্রয়ের কার্ড টন প্রতি দুই হাজার টাকা নিয়ে বিল ছাড় করেন। যারা টাকা দিতে অস্বীকৃতি জানান তাদের বিল ছাড় করেন না। অফিসের স্টাফ সোহেলসহ একটি পেটুয়া বাহিনী দিয়ে ওই কর্মকর্তা একাজ করান। বিল পাওয়ার আশায় অনেক ভুক্তভোগী দুই হাজার টাকা করে উৎকোচ দিয়ে বিল নেন। আর যারা টাকা দিতে অস্বীকৃতি জানান তাদের বিল ছাড় করেন না।
লিখিত অভিযোগে ভুক্তভোগী কৃষকরা তার অনিয়মের জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এদিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জেলা খাদ্য গুদামে গেলে ফারুক সাংবাদিকদের বলেন, ‘সরকার আমাকে এই জায়গায় মাস্তান বসিয়েছেন’ আমি অনিয়ম করলে সমস্যা নেই, আপনারা যা পারেন লেখেন’।
পরে ফারুক হোসাইনের এক স্টাফ সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্টাফ ফারুকের বিষয়ে আনীত অভিযোগ সত্য বলে জানান। তিনি আরো জানান, শুধু ফারুকই নয় খাদ্য গুদামের সকল কর্মকর্তাই ওই উৎকোচের ভাগ পান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন, ঘটনাটা আমিও শুনেছি। তার বিরুদ্ধে জেলা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম রাজু বলেন, আমি অফিসের বাহিরে আছি। লিখিত অভিযোগ হাতে পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


