মমতাজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেফতার

গ্রেফতার
জেলা প্রতিবেদকঃ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরার শ্যামনগর থেকে মাছুম বিল্লাহ ওরফে সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) দিবাগত রাতে শ্যামনগর থানা পুলিশের সহায়তায় সিঙ্গাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
সোহাগ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, এমপি মমতাজ বেগমকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয় মাছুম বিল্লাহ। এ ঘটনায় মমতাজ বেগমের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান সিঙ্গাইর থানায় গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১), ২৯(১) ও ৩১(১) ধারায় ১২ নম্বর মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।