মসজিদ থেকে র‍্যাবের পরিচয়পত্রসহ অচেতন অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

জেলা প্রতিবেদকঃ গাজীপুরে ফারুকিয়া জামে মসজিদে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শ্রীপুরের নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা র‍্যাবকে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। মসজিদ থেকে উদ্ধার হওয়া অচেতন ব্যক্তির কাছ থেকে র‍্যাবের পরিচয়পত্র অনুয়াযী তার নাম আব্দুল করিম। তার পদবী কনস্টেবল, আইডি নাম্বার- ৩৫০২৮৮।

যদিও এই পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল ২০১৮ সালে। তবে তিনি কোন বাহিনীর সদস্য, বর্তমানে চাকরিরত না কি অবসরে রয়েছেন বিষয়টি জানার জন্য স্বজনদের খবর দিয়েছে র‌্যাব।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে গেলে এই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাকে উদ্ধার করেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনার অনুসন্ধান করছে র‌্যাব।

তিনি আরও বলেন, র‌্যাবে সকল বাহিনীর সদস্যরা থাকেন। তিনি কোন বাহিনীর সদস্য ও বর্তমানে চাকরিরত রয়েছেন কি না বিষয়টি জানতে তার স্বজনদের খবর দেয়া হয়েছে।