খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাড়ির পাশে পাহাড়ের গভীর গর্ত (লোঙা) থেকে মো. আবুল বাশার (৩৮) নামের এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাঙলা টিলা (পাঞ্জাবি টিলা) এলাকায় নিজ বাড়ির নিচ থেকে বাশারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল বাসার বাঙলা টিলা এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। পেশায় কাঠমিস্ত্রি বাশার তিন মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই কাজ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাশের খেদাছড়া বাজারে যান আবুল বাশার।রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালের দিকে বাড়ির পাশে গভীর গর্তে লোকজন তাঁর মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


