অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর নগরীর টঙ্গীতে মাদকের ট্রানজিট নিয়ন্ত্রণকারী গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্জ এর যৌথ স্বক্ষরিত আদেশে তাকে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপহ্নী কার্য কলাপ করার অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি আলোচিত এই ছাত্রলীগ নেতার কাছে ১ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট মজুদে থাকা সংক্রান্তে তার ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। টঙ্গীর চিহ্নিত এক মাদক স¤্রাজ্ঞী সাঈদা বেগমের সাথে তার আলোচিত ফোনালাপের রেকর্ডটি গত ১৭ এপ্রিল একটি জাতীয় দৈনিক পত্রিকা হুবহু ফাঁস করে দেয়। এরপর ওই ছাত্রলীগ নেতার চাঁদাবাজিসহ আরো বহু অপকর্ম বেরিয়ে আসতে থাকে এবং একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় ফলাও করে এসব সংবাদ প্রচার হতে থাকে।
এতে নড়েচড়ে বসে আইন শৃংখলা বাহিনী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার(২৮ এপ্রিল) সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে। সেখানে ৭ দিনের রিমান্ড দাবি করা হয়। বিচারক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবারই তাকে বহিস্কার করা হয়।


