সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি। এ যুদ্ধ চলছে এবং চলবেই।শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি।
সোমবার (২০ জানুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মাদকবিক্রেতাদের বিরুদ্ধে সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন কাজ করার দায়িত্ব আমার। যারা মাদক বিক্রি করবে তাদের প্রতি আমরা ততটাই নির্মম হবো। এসপি বলেন, পুলিশের কোনো কর্মকর্তা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইভটিজিংসহ নারীর প্রতি সব রকম সহিংসতারোধে কাজ করবে পুলিশ। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহম্মেদ, আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।


