মাদারীপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত

মাদারীপুর: মাদারীপুর-মস্তফাপুর প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ডের ৬ নম্বর ব্রিজ এলাকায় ট্রাকচাপায় মান্নান বেপারী (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মান্নান মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার আমজেদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান ওই ব্রিজ এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও ) ডা. অখিল সরকার জানান, দুর্ঘটনায় গুরুতর ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।