মাদারীপুরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে পল্লী চিকিৎসক নিজাম সরদার (৩৮) নামেের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) ভোরে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের গোপালপুর এলাকা থেকে নিজামের মরদেহ উদ্ধার করা হয়। নিজামের বাবার নাম রহমান সরদার। স্থানীয় গোপালপুর বাজারে চিকিৎসাসেবা প্রদান করতেন নিজাম।

স্বজনরা জানান, রোববার রাত ১১টার দিকে খাবার খেয়ে ব্রাশ হাতে নিয়ে ঘরের বাইরে বের হন নিজাম সরদার। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার কোনো সন্ধান পাননি।

সোমবার ভোরে বাড়ির সড়কের সামনের একটি বেলগাছে নিজামের দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান মসজিদের ইমান। পরে পরিবারের লোকজনদের খবর দেন তিনি।

স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড ঘটিয়ে বিষয়টি অন্যখাতে নেওয়ার জন্য পল্লি চিকিৎসকের মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পারিবারিক কলহের কারণে ওই পল্লী চিকিৎসককের প্রথম স্ত্রী জোছনা বেগম তিন মাস আগে চলে যান। এর দেড় মাস পরে পাখি আক্তার নামে আরেক নারীকে বিয়ে করেন নিজাম। প্রথম স্ত্রী চলে যাওয়ার পর নানা কারণে বিরোধ সৃষ্টি হয় পরিবারের মাঝে।

মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো বোঝা যাচ্ছে না।

ঘটনার কারণ ও রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ বলেও জানান তিনি।