জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাশের প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দল কোনোভাবেই সম্পৃক্ত থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান। একই সঙ্গে বিলটি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও বর্জন করেছে দলটি।
রোববার (৩০ আগস্ট) বেলা ১২টায় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ড. নাজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার-সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। আইনটি আরও শক্তিশালী করার কথা থাকলেও বর্তমান যে বিল সংসদে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করে বলেন, আগের আইনটি শক্তিশালী করার পরিবর্তে প্রস্তাবিত বিলে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও দুর্বল করার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি সংসদীয় স্থায়ী কমিটির স্বাধীনভাবে মতামত দেয়ার সুযোগও সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন,বিলটি সংসদে তোলার আগে সাংসদীয় স্থায়ী কমিটির হাত পা বেঁধে দেওয়া হয়েছে, মাত্র দুই দিনের মধ্যে বিলের প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। এতে কমিটির সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকছে না।
প্রস্তাবিত বিলটি বিতর্কিত এবং এটি কার্যকর হলে জনগণের মানবাধিকার ও নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর এ সংসদ সদস্য বলেন, স্বাধীনভাবে মতামত দেয়ার সুযোগ না থাকায় তারা এ প্রক্রিয়ার সঙ্গে থাকতে চান না। এ কারণেই জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের প্রক্রিয়া থেকে বিরোধী দল সরে দাঁড়িয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে।


