জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ: মাটি ব্যবসার জের ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালামপুর গ্রামের রিপন হোসেন লেবু (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বায়রা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লেবু উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। তিনি বালু মাটির ব্যবসার সাথে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসা নিয়ে বায়রা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলীর সাথে লেবু গংদের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে বায়রা বাজার এলাকায় সন্ত্রাসী হায়দার আলী ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে লেবুকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই লাভলু জানান,আমার ছোট ভাই মাটির ব্যবসা করেন। আমরা আওয়ামীলীগ পরিবারে সদস্য। আমার ভাই উপজেলা আওয়ামীলীগের বায়রা ইউনিয়নের সাধারন সম্পাদক,পদ-প্রার্থী। শীর্ষ সন্ত্রাসী হায়দার আলি বায়রা বাজারে ইজারাদার নিয়ে দীর্ঘদিন যাবৎ লুটপাট করে খায়। আমার ভাই এর প্রতিবাদ করলে শত্রুতা শুরু হয়। সেই শত্রুতার জের ধরে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ বলেন,শীর্ষ সন্ত্রাসী হায়দার আলি জমি দখল, চাঁদাবাজি , মাদকসহ ৮টি মামলার আসামী যা চলমান। কোন মামলায় সে গ্রেফতার হয়নি। আমার আওয়ামী পরিবারে সদস্য ব্যবসায়ী লেবুকে জনসন্মুখে রামদা,চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার ও তীব্র নিন্দা জানাই।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার হত্যার কথা স্বীকার করে জানান, লেবুর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


