মানিকগঞ্জে গ্রামীন ব্যাংকের অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায়ের মহোৎসব অব্যাহত

সাইফুল ইসলাম(সুজন), হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার গ্রামীন ব্যাংক শাখার অন্তর্ভুক্ত হতদরিদ্র ঋণ গ্রহীতাদের অতিরিক্ত সুদ সমেত কিস্তির বোঝা বইতে হচ্ছে। ঝিটকা বাজার শাখার গ্রামীন ব্যাংক কর্মকর্তারা তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী, করোনা কালীন সময়ের জন্যও প্রতিটি গ্রাহকের নিকট থেকে ৩০,০০০ টাকায় ৩,০০০ টাকা নেওয়ার কথা থাকলেও আদায় করা হচ্ছে ৫,০৫০ টাকা। এখানে ২,০৫০ টাকা অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায় করছে গ্রামীন ব্যাংকে কর্মরত কর্মকর্তারা।

উল্লেখ্য, করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রথম ধাপের নির্দেশনায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কতৃক ঘোষিত পর্যায়ক্রমে ৫৩,৫৭ ও ৫৮ নং এম আর এ/ সার্কুলার লেটার অনুযায়ী ৩০ শে সেপ্টেম্বর ২০২০ ইং পর্যন্ত প্রাপ্য কোন কিস্তি বা ঋণকে বকেয়া বা খেলাপী দেখানো যাবে না। ২০০৬ এর ৯(চ) ও ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জারিকৃত করোনা মহামারী পরিস্থিতির এই সংকট সময়ে এম এফ আই কতৃক ঘোষিত সক্ষম ঋণগ্রহীতা ব্যাতিত অন্যান্য ঋণ গ্রহীতাদেরকে কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না এবং ৩০ শে সেপ্টেম্বর ২০২০-ইং পর্যন্ত উক্ত ঋণ তদাপেক্ষা বিরুপমানে শ্রেণীকরণ করা যাবে না।

সাজেদা বেগম(৪৮) নামে এক ভুক্তভোগী যিনি গ্রামীন ব্যাংক ঝিটকা বাজার শাখার ৩৪৪২ নং সদস্য, ক্রাইম পেট্রোল বিডি মানিকগঞ্জকে জানায়, এককালীন ১,৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করে ২৭,০০০ টাকা সুদ সমেত কিস্তি আদায় করার কথা থাকলেও, অতিরিক্ত সুদ বাবদ আরও ১২,৯৬৭ টাকা সহ মোট ৩৯,৯৬৭ টাকা সুদ সমেত ১,৮৯,৯৬৭ টাকা প্রদানে বাধ্য করে ব্যাংক কর্মকর্তারা। তিনি আরও জানান, গ্রামীন ব্যাংক ঝিটকা বাজার শাখায় আমার মতো প্রত্যেক সদস্যদের নিকট থেকে একইভাবে অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায় করছে তারা।

নাম প্রকাশ না করার শর্তে আরো অনেক ভুক্তভোগী ঋণ গ্রহীতারা জানান, অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায় করে শুধু মাত্র তাদের সিটে লিপিবদ্ধ করে রাখে তারা, সদস্য বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন না ব্যাংক কর্মকর্তারা। অনেক কষ্ট করে হলেও ঋণের টাকা অতিরিক্ত সুদ সমেত পরিশোধ করা ছাড়া ঋণের সুবিধা পাচ্ছেন না তারা।

অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায় সম্পর্কে গ্রামীন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ সিদ্দিকুর রহমান(ঝিটকা, হরিরামপুর শাখা) জানান, গ্রামীন ব্যংকের উপরোক্ত কর্মকর্তাদের নির্দেশে আমরা গ্রাহকদের নিকট থেকে ২০% হারে অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায় করছি। কিন্তু অতিরিক্ত সুদ সমেত কিস্তি আদায়ের হেড অফিসের নির্দেশনা পত্রটি দেখাতে পারেন নি ঝিটকা হরিরামপুর শাখার এই কর্মকর্তা।