জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ ৯ টা ৩০ মিনিটে নয়াডিঙ্গী বাস স্ট্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারাসিমা গার্মেন্টসে চাকরি নিতে আসা জোসনা বেগম। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দানিস্তনগর গ্রামে তার বাড়ি। বাবা হারান শেখ মারা যাবার পর থেকেই বাক প্রতিবন্ধি মায়ের একমাত্র ভরসা ছিল জোসনা বেগম।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহন জোসনা বেগম কে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় জোসনা বেগম। গোল্ডেন লাইন পরিবহনটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করলেও মানিকগঞ্জ থানা পুলিশ, পরিবহনটিকে তাৎক্ষণিক আটক করতে সক্ষম হন। নিহত জোসনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে পারিবারিক ভাবে জোসনা বেগমের লাশ জানাযা শেষে “বারাহিরচর গেন্দু মুন্সির কবরস্থানে” দাফন করে তার পরিবার।
জানা গেছে, জোসনা বেগম গার্মেন্টসে একটি চাকরির জন্য ঘর হতে বের হয়েছিলো। চাকরি হলো না বিধায় বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মৃত্যু বরণ করে সে। ঘরে ফেরাও হলো না তার। একমাত্র মেয়ের অকাল মৃত্যুতে বাক-প্রতিবন্ধী মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। কে নেবে দ্বায়িত্ব, এই অসহায় বাক প্রতিবন্ধী মায়ের? সত্যিই এ এক হৃদয় বিদারক দৃশ্য। গোল্ডেন লাইন পরিবহনের সামান্য এক ধাক্কায় নিভে গেল একটি পরিবারের বাঁচার স্বপ্ন ও আলো।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারণ বের করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।


