জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের চোর চক্রের অন্যতম সদস্য, চুরি মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত, চোরাই ল্যাপটপ ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতা এবং ০৬ টি চুরি ও ০১টি মাদক মামলা সহ মোট ০৭ টি মামলার আসামি মোঃ লিটন মিয়া(৩৬)কে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-৩। আসামি মোঃ লিটন মিয়া মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ডাউটিয়া গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-৪, সিপিসি-৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৯-শে অক্টোবর ২০২২-ইং রোজ বুধবার সকাল ১১ঃ৩০ ঘটিকার সময়, র্যাব-৪, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার, লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন ভাটবাউর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ০৭ টি মামলার এজাহারনামীয় আসামি মোঃ লিটন মিয়া(৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন মিয়া সঙ্ঘবদ্ধ চোর চক্রের অন্যতম সদস্য এবং চোরাই ল্যাপটপ, মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতা। সে চোর চক্রের অন্যান্য আসামিদের সহযোগিতায় মানিকগঞ্জ জেলা সহ আশপাশ এলাকায় বিভিন্ন মোবাইল ও ল্যাপটপ এর দোকানে কৌশলে চুরি করে উক্ত চোরাই মাল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। চুরির পাশাপাশি সে একজন মাদক ব্যাবসায়ীও। মাদক কেনাবেচার সময় হাতেনাতে ধৃত হওয়ায় তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, মানিকগঞ্জের বিভিন্ন থানায় চুরি সংগঠনকালে হাতেনাতে ধৃত হওয়ায় ইতিপূর্বে আসামি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর সহ বিভিন্ন থানায় ০৬ টি চুরি মামলা রুজ হয়েছে। সে মানিকগঞ্জ সদর থানার চুরি মামলার ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ধৃত আসামি মোঃ লিটন মিয়া(৩৬)কে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে র্যাব-৪, সিপিসি-৩ কর্তৃক এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


