জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া পরিবেশে নবোদ্যম বর্ষ বরণ, আলোচনা সভা ও সংগীত পরিবেশনের মাধ্যমে নব বর্ষকে স্বাগত জানান আব্দুল আলীম সংগীত সংঘ কাটিগ্রাম শাখার সকল শিল্পী প্রশিক্ষকবৃন্দ। ইলিশ-পান্তা সাথে কাঁচামরিচ ও পিয়াজ এর সমন্বয়ে মজাদার বাঙ্গালী খাবার খেয়ে সকাল ৯টা বাজে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
ইলিশ পান্তা ভাতে শুরুতে যোগ দেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ্ব বিপ্লব হোসেন সেলিম ও আটিগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূর এ আলম সরকার সহ-সভাপতি মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব মোঃ হানিফ আলী, বিটিভি ও বাংলাদেশ বেতারের নিয়মিত সংগীত শিল্পী শাহ সেলিম রেজা ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রফিকউদ্দিন।
বর্ষ বরণ অনুষ্ঠানের শুরুতে বিটিভি ও বাংলাদেশ বেতারের নিয়মিত সংগীত শিল্পী শাহ সেলিম রেজা পহেলা বৈশাখের সংগীত পরিবেশনের মাধ্যমে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। উজান গাংয়ের নাইয়া — গান পরিবেশন করেন আব্দুল আলীম সংগীত সংঘের লোক সংগীত শিল্পী ফাতেমা জাহান মীম।
এছাড়া গান পরিবেশন করেন, আব্দুল আলীম সংগীত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রশিক্ষক জনাব মোঃ বশির উদ্দিন বাচ্চু মাষ্টার। তিনি বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী পহেলা বৈশাখ হতে পুনরায় লকডাউন ঘোষণা করায় আজ সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আকারে ১৪২৮ বঙ্গাব্দ বরণ করতে আমাদের এই সংক্ষিপ্ত আয়োজন। শ্রদ্ধেয় আব্দুল আলীম এর গানগুলো আমাকে বিশেষ ভাবে তাড়িত করে বিধায় উনার গানকে অনুসরণ করেই আমি সংগীত জগতে প্রবেশ করি। সেই সাথে মানিকগঞ্জের কাটিগ্রামে গড়ে তোলি আব্দুল আলীম সংগীত সংঘ। প্রতিটি জাতীয় দিবসের তাৎপর্য তোলে ধরে আমরা প্রতিটি পল্লী সংগীত কর্মকান্ড পরিচালনা করে আসছি।


