হামিদ মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বড়ন্ডি ঘাট এলাকায় NBC নামক ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগ উঠেছে, ইটভাটা থেকে নির্গত ঘন কালো ও বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের শত শত বিঘা জমির পাকা ও আধাপাকা ধান পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে ইটভাটার ধোঁয়ার কারণে ফসলের ক্ষতি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও তারা কোনো প্রতিকার পাননি। ধোঁয়ার তীব্রতায় ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, পাতায় কালো ছোপ পড়ছে এবং অনেক জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জমিতে ধান চাষ করে সারা বছরের সংসার চালানোর আশা করেছিলেন। কিন্তু ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। ফসল নষ্ট হওয়ায় অনেক কৃষক আর্থিক সংকটে পড়েছেন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতি না মেনে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিয়ে ইটভাটার ধোঁয়া নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


