সিরাজ মাসুদ, ভোলা : ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের শেষ নির্বাচনী পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন বাজারে গণমিছিল ও পথসভা জনসমূদ্রে পরিণত হয়। মিছিল শেষে চৌরাস্তা মোড়ে আয়োজিত পথসভায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে ৩০ তারিখে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় তিনি বলেন, গত ১০ বছরে লালমোহন ও তজুমদ্দিনে অনেক উন্নয়ন হয়েছে। উপজেলা কমপ্লেক্স, লাঙ্গলখালী ব্রিজ, থানা ভবন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মাণ, নদী ভাঙ্গন রোধে ১১শত কোটি টাকা বরাদ্দসহ যোগযোগ ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে এখানে। লালমোহন ও তজুমদ্দিনের চেহারা আজ পাল্টে গেছে।
আগামীতে লালমোহন ও তজুমদ্দিনের মানুষ যাতে সবসময় দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা হবে। মেজর হাফিজ যেই ভ্রাতৃত্ববোধ নষ্ট করেছেন তা পুণ:প্রতিষ্ঠা করা হবে। দলমত নির্বিশেষে লালমোহনে শান্তির নীড় গড়ে তোলা হবে।
গণমিছিল ও পথসভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার সমর্থক মিছিল নিয়ে সমবেত হয়। এসময় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন, মোশারেফ হোসেন সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।


