মার্কিন সমরাস্ত্র ঠিকাদারের তথ্য চুরির অভিযোগ চীনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঠিকাদারের ওয়েবসাইট হ্যাক ও নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য চুরির অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। মার্কিন গোয়েন্দা সংস্থা এ অভিযোগের তদন্ত করছে বলে শনিবার জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যেসব তথ্য চুরি করা হয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্প পরিকল্পনাও রয়েছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ তথ্য চুরির ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রতিষ্ঠানগুলোর জন্য সাবমেরিকন ও পানির নিচের সমরাস্ত্র নিয়ে গবেষণা করে এমন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়েছিল হ্যাকাররা।

মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রোহডি আইল্যান্ডের নিউপোর্ট ভিত্তিক প্রতিষ্ঠান নেভাল আন্ডারসি ওয়ারফেয়ার সেন্টার নামের ওই প্রতিষ্ঠানের হয়ে কাজ করতো ঠিকাদার প্রতিষ্ঠানটি। সি ড্রাগন নামের যে সাবমেরিন প্রকল্প নিয়ে কাজ চলছি তারই তথ্য চুরি হয়েছে। ওই পরিকল্পনার মধ্যে ২০২০ সালের মধ্যে মার্কিন সাবমেরিনগুলোতে জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের বিষয়টি উল্লেখ ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর সঙ্গে এফবিআই যৌথভাবে এ ব্যাপারে তদন্ত করছে।