আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।
মালয়েশিয়ার এবারের নির্বাচন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর কারণ হলো এবার মূল লড়াইয়ে অবতীর্ণ হয়েছে দেশটির স্বাধীনতা থেকে ৬১ বছর ধরে শাসন করা বারিসান ন্যাশনাল (বিএন) জোট, যার নেতৃত্বে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং বিরোধী দল পকাতন হরাপন জোট, যার নেতৃত্বে রয়েছেন দেশটির আইকন নেতা মাহাথির মোহাম্মদ।
মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে ১৯৫৭ সালে। এরপর থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছে দি ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) ও তাদের জোট বারিসান ন্যাশনাল। মাহাথির মোহাম্মদ এক সময় এ দলটির নেতা ছিলেন। ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত তিনি দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়ার অভূতপূর্ব সংস্কার ও উন্নয়ন করে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তবে এক সময় রাজনীতি থেকে অবসর নেওয়া মাহাথির ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজিনিয়াস পার্টি নামের দল গঠন করেন এবং চলতি বছরের ৮ জানুয়ারি পকাতন হরাপন নামে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট গঠন করে এর চেয়ারম্যান হন। অথচ এই আনোয়ার ইব্রাহিমকেই এক সময় জেলে দিয়েছিলেন মাহাথির।
এ বিষয়ে মাহাথির মোহাম্মদ বলেন, ‘আনোয়ার ইব্রাহিম তার পাপের জন্য শাস্তি পেয়েছে। এর তাকে সুযোগ দেওয়া উচিত।’
এবার নির্বাচনে যদি মাহাথির মোহাম্মদের জোট ক্ষমতায় আসে তবে মালয়েশিয়ায় ইতিহাস তৈরি হবে। কারণ আজ পর্যন্ত কোনো দল বারিসান ন্যাশনালকে হারাতে পারেনি। তবে সাম্প্রতিককালে জোটটি তাদের জনপ্রিয়তা কিছুটা হারিয়েছে। এর অন্যতম কারণ হলো প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ জোটের অধিকাংশ নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ। যদি তদন্তে নাজিব রাজাক সব ধরনের দুর্নীতির অভিযোগ থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন।
তবে এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন।
২০১৩ সালের সর্বশেষ নির্বাচনে মালয়েশিয়ার বিরোধী দল অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছিল। তার জনগণের মোট ভোটে এগিয়ে থাকলেও আসন কম পাওয়ায় সরকার গঠন করতে পারেনি।
এরপর আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের জেল দেওয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আনোয়ার বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ শাস্তি দেওয়া হয়।
মালয়েশিয়ায় বুধবারের জাতীয় নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৯০ লাখ। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম চার ঘণ্টা ভোটগ্রহণ শেষে ৪৭ শতাংশ ভোট পড়েছে, যা গণমাধ্যমের মতে ২০১৩ সালে ছিল ৫৯ শতাংশ।
মধ্যরাতের আগেই নির্বাচনের অধিকাংশ ফল জানা যাবে। তবে কিছু কিছু অঞ্চলের ফল পেতে বৃহস্পতিবার সকাল হয়ে যেতে পারে।
এ নির্বাচনে দেশটির ১৩ রাজ্যের মধ্যে ১২ রাজ্যের সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি জাতীয় সংসদের ২২২ সদস্য নির্বাচন করবে মালয়েশীয়রা।
কেন্দ্রীয় কুয়ালা লামপুরে এক ভোটকেন্দ্রে ভোট দান শেষে হৃদরোগ বিশেষজ্ঞ হাশরি সামিওন বলেন, ‘আজকে মালয়েশিয়ার জন্য একটি স্মরণীয় দিন। কারণ এ দিনে আমরা আমাদের ভবিষ্যৎ নির্বাচন করছি। আমি মনে করি, জনগণ অনেক দিন আত্মতুষ্ট থেকেছে। এখন মালয়েশিয়াকে নেতৃত্ব দানের জন্য আমাদের একজন স্বপ্নদ্রষ্টার প্রয়োজন।’
তিনি হয়ত মাহাথির মোহাম্মদের কথা বলতে চেয়েছেন। তবে অবসর ভেঙে ১৫ বছর পর নির্বাচনের মাঠে এক সময়ের নিজের দলের বিপক্ষে লড়ে সত্যিই কি জয়ী হতে পারবেন মাহাথির? আর যদি পারেন সেটাও কিন্তু ইতিহাস হয়েই থাকবে। তবে ভুলে গেলে চলবে না, লোকটির নাম মাহাথির মোহাম্মদ। আর তাকে নিয়েই বারিসান ন্যাশনাল ও নাজিব রাজাকের যত ভয়!
তথ্য : বিবিসি


