সংবাদদাতাঃ রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে সজিব মোল্লা (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের হেন্ডি মোল্লার ছেলে সজিব। মামাতো ভাইদের সঙ্গে মিরপুর-২ নম্বর সেকশনের বসতি হাউজিংয়ের ১ নম্বর রোডের ১৭ নম্বর বাসায় ভাড়া থাকতো। মিরপুর কাঠালতলা এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতো সে।
মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আ. রহিম জানান, দুপুর পৌনে ২টার দিকে খবর পেয়ে ওই বাসা থেকে ফ্যানে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্য কোথাও বিয়ে ঠিক হওয়ায় সজিব মানসিকভাবে ভেঙে পড়েছিলো।
এই পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।


