মিরসরাইয়ে রেলক্রসিংয়ে ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বারৈয়ার হাট রেলক্রসিংয়ে ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রোববার ভোর ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী বিজয় এক্সপ্রেসের সাথে খাগড়াছড়ি অভিমুখী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের এই সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোরে চট্টগ্রাম অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে মিরসরাই উপজেলার বারৈয়ার হাট এলাকার রেলক্রসিংয়ে খাগড়াছড়ি অভিমুখী এস আলম সার্ভিসের বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে এস আলম সার্ভিসের বাসটি ধুমড়ে-মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।’ তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলেই দুই বাস যাত্রীর মৃত্যু ঘটে। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।’ দুর্ঘটনার পর রেলওয়ের তৎপরতায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান রবিউল আজম।